ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনেই বড় ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। এর মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে জানা গেছে, ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৩৬ হাজার ৩০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৪১২ ভোট। এই আসনে শুরু থেকেই মির্জা ফখরুলের জয় নিয়ে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গিয়েছিল।
ঠাকুরগাঁও-২ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় পেয়েছেন বিএনপির প্রার্থী ডা. আব্দুস সালাম। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল হাকিমকে প্রায় ৬ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। ভোটের ফলাফলে দেখা যায়, ডা. সালামের প্রাপ্ত ভোটের চেয়ে আব্দুল হাকিম প্রায় ৬ হাজার ভোট কম পেয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার পর এই আসনে বিএনপির জয় আসায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
এদিকে ঠাকুরগাঁও-৩ আসনেও ধানের শীষের প্রার্থী জাহেদুর রহমান বড় জয় ছিনিয়ে এনেছেন। তিনি ১ লাখ ৩১ হাজার ৮৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ৯০ হাজার ৭৬৭ ভোট।
নির্বাচনী ফলাফল ঘোষণার পর পুরো জেলায় আনন্দ ও উদ্দীপনা ছিলেন বিএনপির নেতাকর্মীরা। তারা একে গণতন্ত্রের জয় হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থীরা ফলাফল মেনে নিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণ পরবর্তী কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.