ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে সামনে রেখে ঝিনাইদহ জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে মঙ্গলবার সকালে র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের উদ্যোগে বিশেষ টহল ও নিরাপত্তা মহড়া পরিচালনা করা হয়।
মঙ্গলবার সকাল বেলায় র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্প প্রাঙ্গণ থেকে টহল কার্যক্রম শুরু হয়। পরে কেন্দ্রীয় বাস টার্মিনাল, পোস্ট অফিস মোড়, পায়রা চত্বরসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে টহলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে চাকলাপাড়া ঘুরে শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় শেষ হয়।
মহড়ায় অংশগ্রহণকারী র্যাব সদস্যরা আধুনিক অস্ত্র, টহল যান ও দ্রুত প্রতিক্রিয়া ইউনিট ব্যবহার করে তল্লাশি, নজরদারি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার কৌশল প্রদর্শন করেন। এ সময় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হয় এবং সাধারণ জনগণকে যে কোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়।
র্যাব সূত্র জানায়, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নাশকতা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে এই বিশেষ টহল ও নিরাপত্তা মহড়া পরিচালনা করা হচ্ছে। ভোট গ্রহণের আগের দিন থেকে শুরু করে ভোটের দিন ও পরবর্তী সময় পর্যন্ত এ ধরনের নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার থাকবে।
এছাড়া ঝিনাইদহ জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ এলাকা ও ভোটকেন্দ্রের আশপাশে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ও নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
র্যাবের এই দৃশ্যমান নিরাপত্তা তৎপরতায় স্থানীয় সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করে বলেন, নির্বাচনকে ঘিরে এমন কঠোর ও সক্রিয় নিরাপত্তা ব্যবস্থা ভোটারদের মধ্যে আস্থা ও সাহস যোগাবে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.