বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অতীতে দেশে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে। স্বৈরাচার সরকার জনগণের প্রায় ২৮ লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। এই টাকার প্রকৃত মালিক জনগণ। আল্লাহ আমাদের সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেওয়া হবে না, মুখে হাত ভরে দিয়ে সব বের করে আনা হবে।
শুক্রবার (৬ জানুয়ারি) বিকাল ৪টায় পিরোজপুর শহরের জেলা স্কুল মাঠে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় যারা জনগণের টাকা চুরি ও ডাকাতি করেছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের প্রতিটি শিশুর শিক্ষার দায়িত্ব রাষ্ট্র নেবে। মাস্টার্স পর্যন্ত শিক্ষার্থীরা সম্পূর্ণ সরকারি খরচে পড়াশোনার সুযোগ পাবে।
তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে তিনি বলেন, জুলাই আন্দোলনে ছাত্র-জনতা বেকার ভাতা চায়নি, তারা কাজের অধিকার চেয়েছিল। আমরা যুবসমাজকে কথা দিচ্ছি—ইনশাআল্লাহ সঠিক শিক্ষা ও পর্যাপ্ত প্রশিক্ষণের মাধ্যমে তাদের পেশাগত দক্ষ করে গড়ে তোলা হবে এবং সম্মানজনক কাজের সুযোগ নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, সরকারি চাকরিতে নিয়োগের একমাত্র মাপকাঠি হবে যোগ্যতা ও দেশপ্রেম।
নারীদের সম্মান ও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে জামায়াত আমির বলেন, মায়েদের মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে। মায়ের অপমান এ জাতি সহ্য করবে না। ঘর থেকে কর্মস্থল—সব জায়গায় নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এ সময় তিনি ঘোষণা দেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা উপজাতি—এই পরিচয়ে কোনো বৈষম্য থাকবে না। নাগরিক হিসেবে সবাই সমান অধিকার ভোগ করবে।
আগামী ১২ তারিখের নির্বাচন ও গণভোট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, এটি হবে নতুন বাংলাদেশ নির্মাণের নির্বাচন। ‘হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামী’—এই চেতনা নিয়ে দুর্নীতিমুক্ত, শোষণহীন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি জুলাই আন্দোলনের শহীদ ও প্রিয় নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর বিচার নিশ্চিত করতে জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, যারা জনগণের সরকার চায় না এবং দেশকে গোলাম বানিয়ে রাখতে চায়, তারা এক্স অ্যাকাউন্ট হ্যাকের পর মিথ্যাচার করছে। তবে তাদের ক্ষমা করে দেওয়া হয়েছে।
জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জনসভায় পিরোজপুর-১ আসনের জামায়াত প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর-২ আসনের প্রার্থী শামীম সাঈদী, পিরোজপুর-৩ আসনের এনসিপি প্রার্থী ড. শামীম হামিদীসহ ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে ডা. শফিকুর রহমান পিরোজপুর-১ ও ২ আসনের প্রার্থী মাসুদ সাঈদী ও শামীম সাঈদীর হাতে প্রতীক ‘দাঁড়িপাল্লা’, পিরোজপুর-৩ আসনের এনসিপি প্রার্থী শামীম হামিদীর হাতে ‘শাপলা কলি’ এবং বরগুনা-২ আসনের জামায়াত প্রার্থী ডা. সুলতান আহমেদের হাতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক তুলে দেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.