আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি- ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বিরামপুর গ্রাম থেকে মাটি খুঁড়ে একটি আগ্নেয়াস্ত্র সদৃশ বস্তু উদ্ধার করেছে র্যাব-৬। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা সংশ্লিষ্ট হিসেবে চিহ্নিত করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হরিণাকুণ্ডু পৌর এলাকার বিরামপুর গ্রামের একটি মাঠে অভিযান চালায় র্যাব। অভিযানকালে একটি ঘাসক্ষেতের পাশে মাটি খুঁড়ে লাল কাপড়ে মোড়ানো অবস্থায় একটি শুটার গান বা একনলা বন্দুক সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
এ সময় র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকীসহ র্যাবের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান বা একনলা বন্দুক সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত বস্তুটি হরিণাকুণ্ডু থানায় হস্তান্তর করা হয়েছে।
হরিণাকুণ্ডু থানার ওসি গোলাম কিবরিয়া হাসান জানান, র্যাবের পক্ষ থেকে উদ্ধারকৃত অস্ত্র সদৃশ বস্তুটি থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রসঙ্গত, এর আগের দিন বুধবার বিকেলে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামের একটি বাঁশবাগান থেকেও পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও একটি এয়ারগান উদ্ধার করে র্যাব-৬।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.