
বাগেরহাটের শরণখোলায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টেকসই কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে দিনব্যাপী 'জলবায়ু সহনশীল কৃষি চর্চা: শিখন বিনিময় ২০২৬' ও কমিউনিটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নবপল্লব প্রকল্পের উদ্যোগে রায়েন্দা ইউনিয়নের আমড়াগাছিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার জন্য উপযোগী কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন টেকসই সমাধান চিত্রায়িত করা হয়েছে। বিশেষ করে লবণাক্ততা সহিষ্ণু সবজি চাষ, আধুনিক পানি ব্যবস্থাপনা এবং জীবিকা উন্নয়নের নানা উদ্ভাবনী মডেল কৃষকদের সামনে তুলে ধরা হয়। কেয়ার বাংলাদেশ, ডিএসকে, সিএনআরএস এবং আইডিই-সহ বিভিন্ন সরকারি বিভাগের সহযোগিতায় এই আয়োজন স্থানীয় কৃষকদের জন্য এক নতুন অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়ায়।
আমড়াগাছিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. ছরোয়ার হোসেন খাঁন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো. জাহিদ হাসান। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, "উপকূলীয় অঞ্চলে কৃষিকে টিকিয়ে রাখতে হলে আধুনিক ও জলবায়ু সহনশীল প্রযুক্তির কোনো বিকল্প নেই। নবপল্লব প্রকল্পের এই উদ্যোগ প্রান্তিক কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেয়ার বাংলাদেশের নবপল্লব প্রকল্পের রিজিওনাল ফাইন্যান্স এবং সাব-গ্রান্টস ম্যানেজার জনাব মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শামীম হাসান এবং নবপল্লব প্রকল্পের সিনিয়র উপজেলা প্রকল্প কর্মকর্তা ফাতেমা খাতুন।
আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন স্টল ও ডেমো পরিদর্শন করেন। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহ প্রদান করেন এবং প্রকল্পের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা ও উপস্থাপনা করেন নবপল্লব প্রকল্পের সিএমএফ জনাব মো. ফজলুল হক। প্রদর্শনীতে স্থানীয় কয়েকশ কৃষক-কৃষাণী অংশগ্রহণ করে আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.