পিরোজপুর সড়ক উপ-বিভাগে কর্মরত এক উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দীর্ঘ ৯ মাস ধরে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। অভিযুক্ত কর্মকর্তা আবুল খায়ের সুমন (সিভিল) কর্তৃপক্ষের একাধিক নোটিশ ও চিঠির জবাব না দিয়ে রহস্যজনকভাবে গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে। এমনকি তাকে কর্মস্থলে ফেরাতে পিরোজপুর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) পর্যন্ত দায়ের করেছে সড়ক বিভাগ।
পিরোজপুর সড়ক বিভাগ সূত্রে জানা যায়, পিরোজপুর সড়ক উপ-বিভাগে কর্মরত উপ-সহকারী প্রকৌশলী আবুল খায়ের সুমন গত বছরের ২৩ এপ্রিল থেকে কর্তৃপক্ষের কোনো ধরনের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার দীর্ঘ অনুপস্থিতির কারণে উপ-বিভাগটির নিয়মিত দাফতরিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
কর্তৃপক্ষ জানায়, বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে তাকে একাধিকবার অফিসিয়ালি চিঠি পাঠানো হয়েছে এবং মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তবে প্রতিবারই তার ফোন বন্ধ পাওয়া যায় কিংবা কল রিসিভ করা হয়নি। কোনো ধরনের লিখিত বা মৌখিক ব্যাখ্যাও তিনি দেননি।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় গত বছরের ২০ মে পিরোজপুর সড়ক উপ-বিভাগের তৎকালীন উপ-বিভাগীয় প্রকৌশলী টি এম রাজিমুল আলীম রাজু পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। জিডিতে কর্মকর্তা নিখোঁজ ও দায়িত্ব পালনে অনুপস্থিত থাকার বিষয়টি উল্লেখ করা হয়।
এ বিষয়ে পিরোজপুর সওজ (সড়ক ও জনপথ অধিদপ্তর)-এর নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, “আমরা কোনোভাবেই আবুল খায়ের সুমনের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। তাকে বিভিন্ন সময়ে অফিসিয়ালি চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। বর্তমানে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
তিনি আরও জানান, একজন দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর দীর্ঘ অনুপস্থিতির কারণে সওজের দাফতরিক ও মাঠপর্যায়ের কাজ ব্যাহত হচ্ছে, যা সংস্থার জন্য উদ্বেগজনক।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.