
বাগেরহাটের পূর্ব সুন্দরবন ও সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ ও র্যাবের রুদ্ধশ্বাস যৌথ অভিযানের পর বনদস্যু মাসুম বাহিনীর কবল থেকে অপহৃত দুই পর্যটক ও রিসোর্ট মালিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গত শুক্রবার ২ জানুয়ারি মোংলা ও শরণখোলা সংলগ্ন পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী এলাকার কেনুয়ার খাল হতে ৫ পর্যটকসহ ৭ জনকে জিম্মি করে দস্যু মাসুম মৃধার বাহিনী। পরবর্তীতে চারজনকে ছেড়ে দিলেও মুক্তিপণের দাবিতে গোলকানন রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড় এবং পর্যটক মো. সোহেল ও মো. জনিকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর যৌথ বাহিনী বনের বিভিন্ন পয়েন্টে সাঁড়াশি অভিযান শুরু করে এবং গত শনি ও রোববার সুন্দরবন সংলগ্ন গোলকানন রিসোর্ট এলাকা ও কৈলাশগঞ্জ থেকে ডাকাত সহযোগী কুদ্দুস হাওলাদার, সালাম বক্স, মেহেদী হাসান ও আলম মাতব্বরকে আটক করে। একইসাথে র্যাব ও পুলিশের গোয়েন্দা নজরদারিতে খুলনার রূপসা থানাধীন পালেরহাট এলাকা হতে মুক্তিপণের ৮১ হাজার ৪০০ টাকাসহ দস্যু মাসুমের মা ও এক বিকাশ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। অবশেষে রোববার সন্ধ্যা ৭টায় আধুনিক ড্রোন সার্ভিলেন্সের মাধ্যমে সুন্দরবনের গাজী ফিশারিজ সংলগ্ন এলাকা থেকে অপহৃত তিনজনকে নিরাপদে উদ্ধার করে যৌথ বাহিনী। ভরা পর্যটন মৌসুমে বাগেরহাটের সুন্দরবন অংশে এমন অপহরণের ঘটনায় ব্যবসায়ীরা নেতিবাচক প্রভাবের আশঙ্কা প্রকাশ করলেও প্রধান ডাকাত মাসুম মৃধাকে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযান ও গোয়েন্দা নজরদারি এখনো অব্যাহত রয়েছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.