বাগেরহাটের শরণখোলায় বাড়ির পাশের খালে পড়ে মো. লাবিব নামে ৬ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত লাবিব জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের শরণখোলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম রবির একমাত্র ছেলে। তার এই অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে হঠাৎ নিখোঁজ হয় শিশু লাবিব। স্বজনরা অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুর আড়াইটার দিকে বাড়ির সামনের খালে শিশুটির দেহ ভাসতে দেখেন। দ্রুত উদ্ধার করে তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. তাসনুভা আলম তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক জানান, শিশুটিকে হাসপাতালে আনার অনেক আগেই তার মৃত্যু হয়েছে। দীর্ঘক্ষণ পানির নিচে থাকায় তার শরীর নিথর হয়ে গিয়েছিল।
একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ পিতা রবিউল ইসলাম রবি কান্নায় ভেঙে পড়ে বলেন, "আমার সব স্বপ্ন নিভে গেল। ও যে কখন সবার অলক্ষ্যে খালের দিকে গেছে কেউ বুঝতে পারেনি। দেড় ঘণ্টা পর যখন পেলাম, ততক্ষণে আমার বাবা আর নেই।"
এদিকে, শিশুর এই মর্মান্তিক মৃত্যুতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.