
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া একটি রয়েল বেঙ্গল টাইগারকে সফলভাবে উদ্ধার করেছে বন বিভাগ। আজ রোববার (৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ‘ট্রানকুইলাইজার গান’ ব্যবহার করে বাঘটিকে অচেতন করার পর ফাঁদ থেকে মুক্ত করা হয়। জানা গেছে, বাঘটি বেশ দুর্বল হয়ে পড়ায় তাকে তাৎক্ষণিকভাবে স্যালাইন দেওয়া হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য খুলনায় বন বিভাগের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেসকিউ সেন্টারে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার দুপুরে মোংলার বৈদ্যমারী ও জয়মনি বাজারের মধ্যবর্তী শরকির খাল দিয়ে প্রায় আধা কিলোমিটার ভেতরে বাঘটি আটকে থাকার খবর পায় বন বিভাগ। খবর পেয়ে বন কর্মীরা দ্রুত এলাকাটি কর্ডন করে নিরাপত্তা নিশ্চিত করেন। আজ সকালে ঢাকা থেকে আসা ভেটেরিনারি সার্জনসহ একটি বিশেষজ্ঞ দল এবং খুলনার বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধার অভিযান শুরু হয়। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী ও এসিএফ দীপন চন্দ্র দাসের তত্ত্বাবধানে এই সফল অভিযান পরিচালিত হয়। উদ্ধার শেষে উৎসুক জনতার ভিড় এড়াতে দ্রুত খাঁচায় করে বাঘটিকে খুলনার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। করমজল ইকোট্যুরিজম কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, রেসকিউ সেন্টারে চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে বাঘটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.