বাগেরহাটের শরণখোলায় উপকূলীয় প্রান্তিক মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন ও অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে ‘বহু-অংশজনীয়’ (মাল্টি-স্টেকহোল্ডা) মৎস্যজীবী প্লাটফর্মের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১লা জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’-এর ‘ফিশনেট’ প্রকল্পের উদ্যোগে এই সভা আয়োজিত হয়।
ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহযোগিতায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহিদ হাসান।
উত্তরণের ফিশনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার নাজমিন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কামরুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহাগ খান এবং উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক তালুকদার।
সভার শুরুতে প্রকল্পের বিস্তারিত লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন অ্যাডভোকেসি অফিসার মোঃ মিজানুর রহমান। সভায় মৎস্যজীবীদের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি ও সমস্যার কথা তুলে ধরা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হলো:
প্রকৃত মৎস্যজীবীদের শতভাগ 'জেলে কার্ড' নিশ্চিতকরণ। ভূমিহীন জেলে পরিবারের জন্য সরকারি খাস জমি বরাদ্দ। মৎস্যজীবী সমবায় সমিতি গঠন ও নিবন্ধনে আইনি সহায়তা। জলমহাল ইজারা প্রক্রিয়া সহজীকরণ ও জলাবদ্ধতা নিরসন। মৎস্যজীবী পরিবারের ঝরে পড়া (ড্রপ-আউট) শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে আনা। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ জাহিদ হাসান বলেন, “মৎস্যজীবীদের টেকসই উন্নয়নের জন্য শরণখোলা উপজেলার জলাশয়গুলোর একটি সঠিক ও আধুনিক তালিকা তৈরি করা জরুরি। প্রকৃত ভূমিহীন জেলেরা যাতে সরকারি সুযোগ-সুবিধা পায়, সেজন্য তাদের নির্ধারিত ফরমে আবেদন করার পরামর্শ দিচ্ছি।” তিনি উন্নয়ন সংস্থা উত্তরণ-এর এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পানি কমিটির সভাপতি মোঃ খাদেমুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আঃ মালেক রেজা, মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আব্দুর রশিদ জোমাদ্দার এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল। এছাড়া মৎস্যজীবী নেটওয়ার্কের পক্ষে বক্তব্য রাখেন সভাপতি মোঃ দুলাল ফরাজী ও সাধারণ সম্পাদক শামীম হাসান সুজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.