আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে বিএনপি তাদের মনোনয়ন প্রত্যাহার করে এনপিপি’র চেয়ারম্যান এ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদকে জোট প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। জোটগত সমঝোতার অংশ হিসেবে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব মো: মনিরুল ইসলাম’র মনোনয়ন প্রত্যাহার করে এনপিপি’র চেয়ারম্যান ফরহাদকে মনোনয়ন দেয়া হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শরিক দলগুলোর প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি নড়াইল-২ আসনে এনপিপি’র চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের নাম ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে আসন সমন্বয়ের ভিত্তিতে প্রার্থিতা চূড়ান্ত করা হয়েছে।” এর অংশ হিসেবেই নড়াইল-২ আসনটি এনপিপি’কে ছেড়ে দেয়া হয়েছে। এর আগে নড়াইল-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছিল। তবে জোটগত সিদ্ধান্তের কারণে পরবর্তীতে সেই মনোনয়ন বাতিল করে শরিক দলকে আসনটি ছেড়ে দিচ্ছে বিএনপি।
নড়াইল-২ আসনে প্রার্থী পরিবর্তনের ঘোষণার পর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ একে বৃহত্তর রাজনৈতিক ঐক্যের অংশ হিসেবে দেখছেন। আবার কেউ হতাশা প্রকাশ করেছেন। এদিকে একদিন আগে বিএনপি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি আসন ছেড়ে দেয়। বুধবার তারই ধারাবাহিকতায় বিএনপির নেতৃত্বাধীন জোটে শরিক দলগুলোর মধ্যে আরও ৮টি আসন বণ্টনের ঘোষণা দেয়া হয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিরোধী জোটের মধ্যে আসন সমঝোতা আরও দৃশ্যমান হতে শুরু করেছে। যার প্রভাব পড়ছে মাঠ পর্যায়ের রাজনীতিতে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক বিএনপি-নেতা কর্মী জানান বিএনপি হতে একমাত্র জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব মোঃ মনিরুল ইসলামকে মনোনয়ন দিলে নড়াইল-২ আসনে বিএনপি জিতবে। তাছাড়া অন্য কাউকে মনোনয়ন দিলে এ আসন নিশ্চিত হাত ছাড়া হবে। বাংলাদেশ জামাত ইসলামী’র এ আসনের প্রার্থী জেলা জামাত’র আমীর আতাউর রহমান বাচ্চু ঘরে বসে বিনা পরিশ্রমে সাংসদ নির্বাচিত হবেন। এ আসন ঠেকাতে হলে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব মোঃ মনিরুল ইসলামের কোন বিকল্প নেই। হতাশাগ্রস্থ অনেকেই জানিয়েছেন সিদ্ধান্ত পরিবর্তন করে বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব মোঃ মনিরুল ইসলামকে প্রার্থী করা না হলে তারা এ নির্বাচনে নিষ্ক্রিয় ভূমিকা পালন করবেন। তাদের দাবি ভোটের মাঠের অবস্থা বিবেচনা করে দ্রত সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে শুধু আসন হাতছাড়া নয়, বিএনপি’র রানৈতিক মেরুদন্ড ভেঙ্গে যাবে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.