
গাজীপুরের শ্রীপুরে কাপড়ের মার্কেট থেকে ৭ বছরের এক শিশুকে অপহরণের চেষ্টার ঘটনায় নারীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, শ্রীপুর থানায় দায়ের করা মামলার নম্বর ২৬, বাৎসরিক নং ৬৮৫। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত) এর ৭/৩০ ধারায় রুজু করা হয়েছে। অপরাধের শিরোনাম—অপহরণ।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ ডিসেম্বর ২০২৫ ইং সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের বাসিন্দা মোছাঃ রাহিমা (৫৮) তার তিন নাতি-নাতনিকে নিয়ে শ্রীপুর থানাধীন মাওনা কাজী পাম্প সংলগ্ন কাপড়ের মার্কেটে কেনাকাটা করতে যান। এ সময় পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা সেখানে অবস্থান করছিল।
অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত মোছাঃ মরিয়ম আক্তার ওরফে হেমা (৩০), মোঃ নাজমুল (২৮) এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জন মিলে ৭ বছরের শিশুটির মুখ চেপে ধরে জোরপূর্বক টানাহেঁচড়া করে একটি সিএনজি অটোরিকশায় তুলে অপহরণের চেষ্টা চালায়।
শিশুটির চিৎকার ও কান্না শুনে তার দাদি এবং আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এলে অভিযুক্তরা শিশুটিকে ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় শিশুটি।
ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নিরাপত্তাহীনতার আশঙ্কা প্রকাশ করা হয়। আত্মীয়-স্বজনের সঙ্গে পরামর্শ করে ১৮ ডিসেম্বর ২০২৫ ইং রাত ১টা ৩০ মিনিটে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এদিকে, মামলার পরিপ্রেক্ষিতে গতকাল শ্রীপুর থানা পুলিশ অভিযুক্ত মোছাঃ মরিয়ম আক্তার ওরফে হেমা নামের এক নারীকে গ্রেপ্তার করেছে। তবে মামলার অপর অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
শ্রীপুর থানা পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.