
মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের স্মরণে টাঙ্গাইলের নাগরপুরে মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির শুভ সূচনা করা হয়।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা বিএনপি, নাগরপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় মুক্তিযুদ্ধের বীর সন্তানদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
উপজেলা নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিকের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম, নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ হোসেনসহ একাধিক বীর মুক্তিযোদ্ধা ও প্রশাসনের কর্মকর্তারা। আলোচনা সভায় মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলু উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কুচকাওয়াজ ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে দিবসটির কর্মসূচিতে অংশ নেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.