আইনি লড়াইয়ের মাধ্যমে বাগেরহাটের চারটি সংসদীয় আসন অবশেষে বহাল থাকলো। নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক আসন সংখ্যা কমিয়ে তিনটি করার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণার রায়ই বহাল রেখেছে দেশের সর্বোচ্চ আদালত। বুধবার (১০ ডিসেম্বর) আপিল বিভাগ সর্বসম্মতভাবে এই আদেশ দেওয়ায়, আসন পুনর্বিন্যাস সংক্রান্ত ইসির গেজেটটি বাতিল হয়ে গেল। এর ফলে, দীর্ঘদিনের প্রথা ভেঙে ভোটার ও জনসংখ্যার সামঞ্জস্য আনার যুক্তিতে আসন কমানোর ইসির প্রচেষ্টা চূড়ান্তভাবে ব্যর্থ হলো। জানা যায়, ১৯৬৯ সাল থেকে চলে আসা ঐতিহাসিক সীমানা (বাগেরহাট-১: চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট; বাগেরহাট-২: বাগেরহাট সদর-কচুয়া; বাগেরহাট-৩: রামপাল-মোংলা; বাগেরহাট-৪: মোরেলগঞ্জ-শরণখোলা) বহাল থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ৪ সেপ্টেম্বর প্রকাশিত চূড়ান্ত গেজেটে বাগেরহাটের একটি আসন কমিয়ে তিনটি এবং অন্যদিকে গাজীপুরে একটি আসন বাড়িয়ে ছয়টি নির্ধারণ করা হয়েছিল, যা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। সেই গেজেটকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে গত ১৬ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করে গেজেটটি কেন অবৈধ হবে না, তা জানতে চেয়েছিলেন। আপিল বিভাগের এই আদেশের মাধ্যমে এখন বাগেরহাটে চারটি সংসদীয় আসন ধরেই আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে নির্বাচন কমিশনকে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.