ঠাকুরগাঁওয়ে টানা চার দিনের প্রতিকূল আবহাওয়ার কারণে জেলার কৃষকেরা গভীর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। একটানা চার দিন ঝিরিঝিরি বৃষ্টি এবং হঠাৎ দমকা বাতাসের কারণে জেলার আমন ধান এবং সদ্য রোপণ করা আলু ফসল চরম ক্ষতির ঝুঁকিতে পড়েছে।
রবিবার ২-রা নভেম্বর ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে এমন চিত্র।
ঠাকুরগাঁও সদর, ভুল্লী, রুহিয়া, হরিপুর, রাণীশংকৈল, বালিয়াডাঙ্গী, পীরগঞ্জ সহ সব উপজেলায় কৃষকদের কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট।
বিশেষ করে যেসব কৃষক তাদের পাকা আমন ধান কাটার জন্য প্রস্তুত হচ্ছিলেন, তারা এখন সবচেয়ে বেশি ঝুঁকিতে। একটানা বৃষ্টি এবং দমকা হাওয়ার দাপটে পাকা ধানগাছ মাটিতে নুয়ে পড়ছে। বৃষ্টিতে ভিজে ধান নষ্ট হওয়ার এবং ওজন কমে যাওয়ার আশঙ্কা করছেন চাষীরা। পাশাপাশি, সদ্য রোপণ করা আলু ক্ষেত নিয়েও কৃষকদের উদ্বেগ বাড়ছে, কারণ অতিরিক্ত বৃষ্টি আলুর চারার বৃদ্ধিতে বাধা দিতে পারে এবং পচন ধরানোর কারণ হতে পারে।
স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, যদি আবহাওয়া দ্রুত স্বাভাবিক না হয়, তবে এই ক্ষতি বিপুল পরিমাণে আর্থিক সংকটে ফেলতে পারে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে কৃষকদের সহায়তার দাবি জানাচ্ছেন ক্ষতিগ্রস্ত চাষীরা।
কৃষি অফিস জানিয়েছে, যেসব জমিতে আমন ধানে থোর দেখা দিয়েছে এবং ধানের শীষ বের হওয়ার উপক্রম হয়েছে সেসব জমিতে রসের ঘাটতি পূরণ হওয়ায় সহজে ধান বের হতে পারবে এবং এ বছর আমনের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঠাকুরগাঁও কৃষি অফিস সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলায় শতাধিক হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ নিরূপণ করে কৃষকদের সহযোগিতার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.