পূর্ব সুন্দরবনের দুবলারচরে সাগর থেকে ভেসে আসা প্লাস্টিক ও পলিথিন বর্জ্য অপসারণে অভিযান শুরু করেছে বনরক্ষীরা। বন বিভাগ সূত্রে জানা যায়, বনরক্ষীরা রবি, সোম ও মঙ্গলবার দুবলার আলোরকোল, মেহেরআলী, অফিসকেল্লা, কচিখালী ও শেলারচরে বঙ্গোপসাগর থেকে ভেসে আসা বিপুল পরিমাণ প্লাস্টিক ও পলিথিন বর্জ্য অপসারণ করে। ভেসে আসা এসব প্লাস্টিক ও পলিথিন বর্জ্যে সুন্দরবনের পরিবেশ দূষিত হওয়ার উপক্রম হয়েছিল। ডেপুটি রেঞ্জার সুব্রত কুমার দাস বলেন, বেশ কিছু দিন ধরে সাগরের বিভিন্ন পয়েন্ট থেকে নানা ধরনের প্লাস্টিক, পলিথিনসহ বিভিন্ন দ্রব্য জোয়ারে ভেসে এসে চরে আটকে যায়। ফলে সুন্দরবনের পরিবেশ দূষিত হওয়ার আশঙ্কা ছিল। বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে গত তিন দিনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে সাগর তীরের চরসমূহ থেকে বনরক্ষীরা নিরলস পরিশ্রম করে কয়েক মণ প্লাস্টিক ও পলিথিন বর্জ্য অপসারণ করেছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বনরক্ষীরা সুন্দরবনের দুবলারচর, শেলারচর, কচিখালীসহ সুন্দরবনের বিভিন্ন চরে ভেসে এসে আটকে থাকা প্লাস্টিক ও পলিথিন বর্জ্য অপসারণ করেছেন। ডিএফও আরও জানিয়েছেন সুন্দরবনের নদী, খাল ও সাগর তীরে বর্জ্য অপসারণের অভিযান অব্যাহত থাকবে ।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.