পিরোজপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া ২৯টি মোবাইল ফোন ও নগদ ২৬ হাজার ১৮০ টাকা উদ্ধার করেছে পুলিশ। একই অভিযানে প্রতারণার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে পিরোজপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের।
জানা যায়, জেলা পুলিশের আইসিটি ও মিডিয়া শাখার সদস্যরা নাজিরপুর, ভান্ডারিয়া, নেছারাবাদ, ইন্দুরকানী, মঠবাড়িয়া ও কাউখালী থানায় বিশেষ অভিযান পরিচালনা করেন। পুলিশ সদর দপ্তরের আইসিটি ও মিডিয়া শাখার প্রযুক্তিগত সহায়তায় মোবাইলগুলোর অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে প্রতিটি থানার ওসিদের নেতৃত্বে অভিযান চালিয়ে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয় এবং পরবর্তীতে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
এছাড়া, ভান্ডারিয়া থানার তেলিখালী ইউনিয়নের গোলাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি প্রতারক চক্রের চার সদস্যকে আটক করে পুলিশ। তারা দীর্ঘদিন ধরে কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান সেজে সাধারণ মানুষের কাছ থেকে মোবাইল ও টাকা হাতিয়ে নিচ্ছিল। এ সময় তাদের কাছ থেকে নগদ ২৬,১৮০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের জানান, জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও সাইবার টিমের সহায়তায় প্রতারকদের শনাক্ত করা সম্ভব হয়েছে। পাশাপাশি তিনটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
হারানো মোবাইল ও টাকা ফিরে পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.