
ফেনী জেলার ফুলগাজী উপজেলার কৃতি সন্তান, বিজিএমইএ’র পরিচালক ও ম্যাগপাই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মজুমদার আরিফুর রহমান বলেছেন,
> “আমি এমপি-মন্ত্রী হতে এলাকায় আসিনি; সমাজসেবা ও বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীষের ভোট চাইতেই এসেছি।”
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল থেকে ঢাকা থেকে নিজ এলাকায় সফরে আসেন তিনি। সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এই তরুণ উদ্যোক্তা ও রাজনীতিক।
ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ এর সার্বিক সহযোগিতায় তিনি বেগম খালেদা জিয়া ও ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার লবিং শুরু করেন।
সফরের শুরুতে সকাল ১০টায় তিনি ফুলগাজী সদর উপজেলার বাশুড়া হাফেজিয়া মাদ্রাসায় ছাত্র ও শিক্ষকদের সঙ্গে দোয়া মাহফিলে অংশ নেন। সেখানে বেগম খালেদা জিয়ার সুস্থতা, তারেক রহমানের দেশে আগমন এবং নিজের বাবা-মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
এরপর সকাল ১১টায় তিনি দক্ষিণ দৌলতপুর তালিমুল মাদ্রাসা পরিদর্শন করেন। সেখানে শিক্ষকরা ফুল দিয়ে মজুমদার আরিফুর রহমান ও গোলাম রসুল মজুমদার গোলাপকে বরণ করেন। দুটি মাদ্রাসার মুহতামিমের হাতে তিনি অনুদান হিসেবে এক লাখ টাকা (প্রতি মাদ্রাসায় ৫০ হাজার টাকা করে) প্রদান করেন।
দুপুরে জুমার নামাজের পূর্বে তিনি ফুলগাজীর উত্তর দৌলতপুর জামে মসজিদে উন্নয়নকাজে আরও ৫০ হাজার টাকা অনুদান দেন এবং নিজ বাড়ির সামনের মসজিদে জুমার নামাজ আদায় করেন।
নামাজ ও মধ্যাহ্নভোজ শেষে নিজ বাড়িতে সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন,
> “আমি রাজনীতি করি মানুষের সেবার জন্য। এলাকায় এসে মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে উন্নয়নমূলক কাজে পাশে থাকতে চাই। এমপি-মন্ত্রী হওয়াই আমার লক্ষ্য নয়, বরং খালেদা জিয়ার পক্ষে কাজ করাই আমার অঙ্গীকার।”
এরপর বিকেলে তিনি ভারতীয় সীমান্ত সংলগ্ন পরশুরাম ও বিলোনিয়া সীমান্ত এলাকায় গিয়ে ভোটার লবিং শুরু করেন এবং স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ বলেন,
> “মজুমদার আরিফুর রহমান এলাকায় আসলে মানুষ উপকৃত হয়। তিনি না আসলে অনেক সামাজিক উন্নয়নমূলক কাজ সম্ভব হতো না। আমরা সবসময় তার পাশে আছি।”
দিনব্যাপী সফর শেষে রাতে তিনি কর্মস্থল ঢাকার উদ্দেশে রওনা দেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.