
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ইন্দেরহাট বাজারে গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতদল হামলা চালিয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত আনুমানিক দুইটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২৫-৩০ জন ডাকাতদল অস্ত্র নিয়ে বাজারে প্রবেশ করে পাহারাদারদের বেঁধে ফেলে। এসময় রাস্তায় চলাচলরত কয়েকজন পথচারীর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। এরপর বাজারের স্বর্ণকার পট্টিতে অবস্থিত মেঘলা জুয়েলার্সের দুটি তালা ভেঙে ডাকাতির চেষ্টা চালায়।
এ সময় পাশের একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে স্থানীয়রা হৈচৈ শুরু করলে পরিস্থিতি খারাপ বুঝে ডাকাতরা একটি পাওয়ারফুল ইঞ্জিনচালিত ট্রলারে করে সন্ধ্যা নদী পথে বানারীপাড়ার দিকে পালিয়ে যায়।
বাজার কমিটির সভাপতি ও সোহাগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রশিদ বলেন,
“ডাকাতদল অস্ত্র নিয়ে এসেছিল। তারা পাহারাদারদের বেঁধে পথচারীদের কাছ থেকে টাকা-পয়সা কেড়ে নেয়। পরে স্বর্ণকারপট্টির দুটি দোকানের তালা ভেঙে ডাকাতির চেষ্টা চালায়। তবে স্থানীয়দের ডাকচিৎকারে তারা পালিয়ে যায়। অল্পের জন্য বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন ব্যবসায়ীরা।”
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি আমিন বলেন,“গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতদল বাজারে ঢুকে ডাকাতির চেষ্টা চালায়। স্থানীয়দের প্রতিরোধে তারা পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।”
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.