গতকাল শনিবার ৬ ই সেপ্টেম্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নড়াইলের কালিয়া উপজেলা বাসস্ট্যান্ড মাঠে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। ১৯৭৮ সালের পহেলা সেপ্টেম্বর, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার, বহুদলীয় গনতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেক্সাস বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। তিনি বলেন, “বিএনপি গণমানুষের অধিকার প্রতিষ্ঠার দল। স্বৈরাচারী শাসন এবং দমন-পীড়নের বিরুদ্ধে এ দলের সংগ্রাম দীর্ঘদিনের। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছি।”
নড়াইল-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ও বি এম বাকির হোসেন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক বিএম নাগিব হোসেন তার বক্তব্যে বলেন, “বিএনপি কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি একটি আন্দোলন, একটি চেতনা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে যে দিকনির্দেশনা শুরু হয়েছিল, তা আজও গণতন্ত্রকামী মানুষের অনুপ্রেরণা। যারা আন্দোলনে অংশ নিয়েছেন, কারাবরণ করেছেন বা প্রাণ দিয়েছেন—তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের অঙ্গীকার, আমরা ঐক্যবদ্ধ হয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনব এবং শহীদ জিয়ার স্বপ্ন পূরণ করব।”
তিনি আরও বলেন, “৩১ দফা বাস্তবায়নই বিএনপির মূল লক্ষ্য, যা দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে। এই সংগ্রামে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে, কারণ তারাই আগামী দিনের নেতৃত্ব দেবে।”
অধ্যাপক বিএম নাগিব হোসেন এ সময় জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “তিনি বিএনপির জন্য রাজনীতি করেননি—এটা আমি প্রমাণ করে দেব। যদি তিনি আমার সঙ্গে বসতে চান, আমি যেকোনো সময় বসতে রাজি।”
“কালিয়া ও নড়াগাতীর মাটি বিএনপির দুর্গ। এই দুর্গকে আরও শক্তিশালী করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। বক্তারা বিএনপির সংগ্রামী ইতিহাস স্মরণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.