পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। একইসঙ্গে দ্রুত নতুন আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান ওহিদ এবং ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. নাসিরউদ্দিন তালুকদারের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।
নতুন আহ্বায়ক কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা মো. আব্দুল আউয়াল মিন্টুকে। পিরোজপুর জেলা সম্মেলনকে সামনে রেখে নেছারাবাদ উপজেলার ত্যাগী, নির্যাতিত ও পরীক্ষিত নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে দ্রুত কমিটি গঠনের অনুরোধ জানানো হয়েছে।
এ প্রসঙ্গে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন জানান, “নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির কিছু নেতার বিরুদ্ধে দুর্নীতি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ কেন্দ্রের কাছে পৌঁছেছে। সে কারণেই কমিটি বিলুপ্ত করা হয়ে থাকতে পারে।” তবে কোন কোন নেতার বিরুদ্ধে অভিযোগ এসেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে মন্তব্য করেন।
অন্যদিকে, পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, “নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত হওয়ার বিষয়ে কেন্দ্র থেকে চিঠি পেয়েছি। তবে বিলুপ্তির কারণ সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই।”
উল্লেখ্য, ২০২৩ সালে গঠিত ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে মো. ওয়াহিদুজ্জামান ওহিদকে আহ্বায়ক ও আব্দুল্লাহ আল-বেরুনি সৈকতকে সদস্য সচিব করা হয়েছিল।
কমিটি বিলুপ্তির খবরে নেছারাবাদ উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে নানা প্রতিক্রিয়া ও কৌতূহল দেখা দিয়েছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.