
কোরবানির ঈদকে সামনে রেখে ঝিনাইদহ জেলার মহাসড়কঘেঁষা পশুর হাটগুলোতে নিরাপত্তা জোরদার এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করেছে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ। এতে সহযোগিতা করেছে হাট পরিচালনা কমিটিও।
রবিবার (১ জুন) দুপুরে শৈলকুপা উপজেলার দুধসর ইউনিয়নের ভাটই পশুর হাটে এই কার্যক্রম চালানো হয়। হাটে আগত দূরপাল্লার যানবাহনের চালক, যাত্রী ও পশু ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে পুলিশ। একইসঙ্গে জননিরাপত্তা সংক্রান্ত বার্তা সরাসরি পৌঁছে দেওয়া হয়।
ব্যবসায়ী ও সাধারণ মানুষ পুলিশের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। হাটে আসা একাধিক পশু ব্যবসায়ী জানান, পুলিশের সক্রিয় উপস্থিতি ও প্রতারক চক্র নিয়ন্ত্রণে থাকায় হাটে নিরাপদ পরিবেশ বজায় রয়েছে।
পশু বিক্রেতা আলাল উদ্দিন বলেন, "প্রতিবছর নানা প্রতারণার আশঙ্কা নিয়ে হাটে আসতাম। এবার পুলিশ যে নিরাপত্তা দিচ্ছে, তা আমাদের অনেকটা নির্ভার করেছে। স্বাচ্ছন্দ্যে কেনাবেচা করছি।"
দূরপাল্লার পরিবহন চালক শরিফুল ইসলাম জানান, "মহাসড়কের পাশে হাট বসার কারণে প্রতিবছর যানজট লেগে থাকত। এবার হাইওয়ে পুলিশের তৎপরতায় রাস্তা একেবারেই স্বাভাবিক।"
হাট পরিচালনা কমিটির পরিচালক রবিউল ইসলাম বলেন, "গত কয়েক বছরের তুলনায় এবার নিরাপত্তা ও সড়ক ব্যবস্থাপনা অনেক উন্নত। পুলিশের সহায়তা ব্যতিক্রমধর্মী ও প্রশংসনীয়।"
আরাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মৃত্যুঞ্জয় জানান, "পুলিশ সুপারের নির্দেশনায় ঈদ উপলক্ষে হাটগুলোতে প্রতারক চক্র ও মলম পার্টি প্রতিরোধে এই প্রচারণা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মানুষের যেন নির্বিঘ্নে ও নিরাপদে পশু কেনাবেচা করতে পারে, সেটিই আমাদের মূল লক্ষ্য।"
এমন উদ্যোগে পশুর হাট ঘিরে সাধারণ মানুষ যেমন আশ্বস্ত, তেমনি মহাসড়কে যান চলাচলে স্বস্তি ফিরেছে – বলছেন সংশ্লিষ্টরা।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.