পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের ওদনকাঠী গ্রামে হাতুড়ি দিয়ে পিটিয়ে এক রিকশাচালককে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ।
নিহত সাব্বির সিকদার (২৫) পিরোজপুর পৌরসভার রায়েরকাঠি এলাকার হারুন সিকদারের ছেলে। তাঁর ৫ বছর বয়সী একটি সন্তান রয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে সাব্বিরকে হত্যা করে ওদনকাঠি গ্রামে একটি ইটের রাস্তার পাশে ফেলে রাখে। হাতুড়ির আঘাতে তাঁর মাথা পুরোপুরি থেতলে গেছে।
আজ সকালে স্থানীয়রা সাব্বিরের মরদেহ নির্জন রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পিরোজপুর সদর থানায় খবর দেয়। পরবর্তীতে পিরোজপুর সদর থানা পুলিশ, পিবিআই ও সিআইডি পুলিশের আলাদা টিম ঘটনাস্থল পরিদর্শন করে।
নিহতের বাবা হারুন সিকদার জানান, বৃহস্পতিবার বিকেলে নিজের ব্যাটারিচালিত রিকশা নিয়ে ঘর থেকে বের হয়েছিলেন সাব্বির। এরপর নির্ধারিত সময়ে রাতে বাড়ি না ফেরায়, স্বজনরা তাঁর মোবাইল ফোনে কল করে। তবে সেটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে তারা বিভিন্ন স্থানে সাব্বিরের খোঁজ করেও ব্যর্থ হয়। এরপর সকালে সাব্বিরের মরদেহ দেখে সেটি শনাক্ত করে। তবে ঘটনাস্থলে তাঁর রিকশাটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে সাব্বিরের রিকশাটি নেওয়ার জন্য কিংবা মাদক সংক্রান্ত বিষয়ের জেরে তাঁকে হত্যা করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান বলেন, ‘এখন পর্যন্ত সাব্বিরকে হত্যার কারণ উদঘাটন করা যায়নি। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।’
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.