ঝিনাইদহের শৈলকুপায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (পিবিসিপি) কমান্ডারসহ তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে র্যাব।
গত ২১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সন্ধ্যা অনুমানিক ৬টা থেকে রাত ১০টার মধ্যে ঝিনাইদহ জেলার শৈলকুপার রামচন্দ্রপুর গ্রামের শ্মশান ঘাট এলাকার ক্যানেলের পাশে গোলাগুলির ঘটনা ঘটে। পরে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন:
১. মোঃ হানিফ হানেফ (৫৬), পিতা- মৃত রায়হান মন্ডল, সাং- আহাদনগর, থানা- হরিনাকুন্ডু, জেলা- ঝিনাইদহ। ২. মোঃ লিটন হোসেন (৩৮), পিতা- খাইরুল ইসলাম উম্বাদ শাহ, সাং- শ্রীরামপুর, থানা- হরিনাকুন্ডু, জেলা- ঝিনাইদহ। ৩. মোঃ রাইসুল ইসলাম (৩০), পিতা- মৃত আরজেদ আলী, সাং- পিয়ারপুর, থানা- ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), জেলা- কুষ্টিয়া।
ঘটনাস্থল থেকে দুটি পালসার মোটরসাইকেল, দুটি হেলমেট এবং গুলির কার্তুজ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহত মোঃ হানিফ হানেফের ভাই মোঃ সাজেদুল ইসলাম ইশা বাদী হয়ে ২৪ ফেব্রুয়ারি শৈলকুপা থানায় অজ্ঞাত ১৫-২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প তদন্ত শুরু করে।
২৪ ফেব্রুয়ারি সকাল ১০:৩০ মিনিটে র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প একটি বিশেষ অভিযান পরিচালনা করে ঝিনাইদহ সদর থানার সার্কিট হাউজ সংলগ্ন এলাকা থেকে সন্দেহভাজন আসামি মোঃ আবু সাঈদ (৩৯) কে গ্রেফতার করে। পরে দুপুর ২:১০ মিনিটে র্যাব-৬ ও র্যাব-১ যৌথ অভিযান চালিয়ে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সোনাতলা এলাকা থেকে অপর সন্দেহভাজন আসামি আনারুল ইসলাম রাজ (৩৬) কে আটক করে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত মোঃ হানিফ হানেফ ও তার ভাই মোঃ সাজেদুল ইসলাম ইশা হরিণাকুন্ডু উপজেলার মৎস্যজীবীদের পক্ষ থেকে বিগত ৫-৬ বছর ধরে নারায়নকান্দী বাওড় সরকার থেকে ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিলেন। বাওড়ের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
র্যাব ও আইনশৃঙ্খলা বাহিনী এ ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.