স্টাফ রিপোর্টার
পিরোজপুরের নেছারাবাদে কথিত প্রেমিকের বাড়ির পাশের আমড়াগাছ থেকে মিম আক্তার (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ২ ফেব্রুয়ারী শনিবার গভীর রাতে উপজেলার সোহাগদল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ কথিত প্রেমিক নুরুল আমীনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
মিমের মা নারগিস আক্তার বলেন, ‘মিমকে বিয়ের প্রলোভন দিয়ে স্বামীর সংসার থেকে নুরুল আমীন ডিভোর্স করিয়েছে। পরে তাকে বিয়ে করতে চাচ্ছিল না। শনিবার মিম ওই ছেলের বাড়িতে গেলে সকালে জানতে পারি, মিম নাকি আত্মহত্যা করেছে।’ মিমের মায়ের অভিযোগ, তাঁর মেয়েকে মেরে ফেলা হয়েছে।
মিমের নানি ফরিদা বেগমের অভিযোগ, ‘আমার নাতনির তিন বছর আগে বিয়ে হয়েছে। সেই সংসারে দুই বছরের একটি বাচ্চা রয়েছে। মিমকে তার স্বামী প্রায়ই মারধর করত। এ কারণে রাগ করে আমাদের বাড়ি চলে আসে সে। নুরুল আমীন নামের এক যুবক তাকে ভালোবাসত। মিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামীর সংসার থেকে ছাড়াতে নুরুল আমীন সহায়তা করেছে। পরে সে মিমকে বিয়ে করতে রাজি হচ্ছিল না। বিয়ের দাবিতে মিম সোহাগদল গ্রামের নুরুল আমীনের বাড়িতে যায়। তারা তাকে অত্যাচার করে মেরে ফেলেছে।’
ঘটনার পর থেকে পলাতক থাকায় এ ব্যাপারে চেষ্টা করেও কথিত প্রেমিক নুরুল আমীনের পরিবারের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, ‘মিমের লাশ নেছারাবাদ হাসপাতাল থেকে আনা হয়েছে। জানতে পেরেছি, বিষয়টি প্রেমঘটিত। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি আত্মহত্যা। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য নুরুল আমীনকে আটক করা হয়েছে। লাশ পিরোজপুর মর্গে পাঠানো হচ্ছে। তবে এ ব্যাপারে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।’
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.