মো. শামীম হোসাইন, স্টাফ রিপোর্টার
পিরোজপুরের স্বরূপকাঠিতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মা ও ছেলেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। ০২ (নভেম্বর) শনিবার সন্ধ্যার পর উপজেলার কৌড়িখাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত উমা রানী ঘোষ (৩২) ও তাঁর ছেলে প্রশান্ত দাসকে (১৬) উদ্ধার করে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লিমা আক্তার বলেন, উমার অবস্থা বেশ গুরুতর। মাথায় আঘাত পেয়েছেন তিনি।
উমার ভাই সত্যজিৎ ঘোষ বলেন, প্রতিবেশী ইমরান, হালিম, লোকমান ও আরিফ গংদের সঙ্গে একটি জমি নিয়ে আমাদের বিরোধ চলছে। ৫০ বছরের একটি ভোগ-দখল করা জমি দখল নিতে কয়েক বছর ধরে তারা পাঁয়তারা করছে। সর্বশেষ শনিবার সন্ধ্যার পর ইমরান আমাদের জমিতে বেড়া দিয়ে বালু ফেলার চেষ্টা চালায়। এ সময় আমরা কেউ ছিলাম না। আমার বোন উমা বাধা দিতে গেলে তারা বেধড়ক মারধর করে পুকুরে ফেলে দিয়ে পানিতে চুবিয়ে ধরে। বোন চিৎকার দিলে ইমরান হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। এ সময় তাঁর ছেলে মাকে রক্ষার চেষ্টা করলে তাকেও পেটানো হয়। পরে আমার ভাইয়ের বউ শিবানি এগিয়ে এলে তাঁকেও তারা বেধড়ক মারধর করে।
তবে অভিযোগ অস্বীকার করে ইমরান বলেন, ২০ বছর ধরে ওই জায়গা আমাদের দখলে ছিল। শনিবার সন্ধ্যার পর আমরা সেখানে বালু ফেলার জন্য বেড়া দিচ্ছিলাম। উমা রানী ও তাঁর ছেলে এসে আমাদের ওপর চড়াও হন। এ সময় আমার হাতে থাকা হাতুড়ি হয়তো উমার মাথায় লাগতে পারে।
নেছারাবাদ থানার ওসি বনি আমীন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.