কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার অংশে বাসের সাথে অটো রিক্সার সংঘর্ষে এক নারী যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন অটো চালকসহ আরও দুই জন। বৃহস্পতিবার রাত ৮ টায় দেবিদ্বার পৌর এলাকার বারেরায় এ দুর্ঘটনা হয়।
নিহত ওই নারীর নাম রানু আক্তার (৩৮)। তিনি দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের চরবাকর গ্রামের সুন্দর আলীর মেয়ে। আহতরা হলেন, বারেরা গ্রামের মালু মিস্ত্রির ছেলে অটোচালক আবুল কালাম (৩০) এবং একই উপজেলার মাশিকাড়া গ্রামের সামান্তা আক্তার (১৮) ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দেবিদ্বার পৌর এলাকার বারেরা কুড়ের পাড় এলাকায় কোম্পানীগঞ্জ মুখী রয়েল সুপার নামে একটি বাস অন্য বাসকে ওভারটেক করার সময় অপর দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশার সাথে সংঘর্ষ ঘটে। এ সময় অটোরিক্সাটি দুমড়ে যায় এবং চালক ও দুই যাত্রী মারাত্মক আহত হয়। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রানু আক্তারকে মৃত ঘোষণা করে। মারাত্মক আহত বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
চরবাকর গ্রামের আব্দুর রহমান ও সজীব জানান, রানু আক্তারের দুটি সন্তান আছে৷ স্বামীর সাথে ছাড়াছাড়ির পর তাদের নিয়ে বাবার বাড়িতে থাকতেন। রানু উপজেলা সদরের একটি বেসরকারি ক্লিনিকে রিসিপশনিস্টের কাজ করতেন। তিনি কাজ শেষে বাড়ি ফিরছিলেন।
মিরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আফসার বলেন, ঘটনাস্থলে থেকে দুর্ঘটনা কবলিত অটো রিক্সাটি উদ্ধার এবং বাসটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.