নাজিম উদ্দিন রানা:
ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা চুক্তি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, "পানির ন্যায্য হিস্যা আমাদের প্রাপ্য। আন্তর্জাতিক আইন অনুযায়ী পানির হিস্যা আমাদেরকে দিতে হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকার যখন আসবে,যদি জনগণ বিএনপির পক্ষে রায় দেয়। তাহলে আমরা আমাদের পক্ষে থেকে পানি সমস্যার বিষয়টি নিস্পত্তি করার চেষ্টা করবো। আশা করি নিস্পত্তি করতে আমরা পারবো। এটি যুগ যুগ ধরে দেশের মানুষের প্রত্যাশা। আমাদের পরস্পরের প্রতি স্বার্থ ও সম্মান রেখে এগুলো সমাধান করতে হবে। একচেটিয়া কোন সমস্যা সমাধান হয় না।"
শনিবার (২৪ আগস্ট) দুপুর ১২ টার দিকে লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজে আশ্রয় নেয়া ভূক্তভোগীদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় তিনি ভূক্তভোগী নারী-পুরুষের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে বিএনপির উদ্যোগে নারীদের মাঝে শাড়ি ও ভূক্তভোগী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আমির খসরু আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে লক্ষ্মীপুরসহ বন্যা কবলিত এলাকায় বিএনপির স্বেচ্ছাসেবীরা নিয়োজিত আছে। এটি অব্যাহত থাকবে। বন্যার্তদের খাওয়া-ধাওয়া, জামা-কাপড় ও দেখাশোনা থেকে শুরু করে পুনর্বাসনের জন্য আমাদের ক্ষুদ্র ক্ষমতায় আমরা পরিপূর্ণভাবে তা করছি। যতক্ষণ বন্যার্তদের পুনর্বাসন সম্পন্ন না হবে বিএনপির উদ্যোগ অব্যাহত থাকবে।
এ বন্যায় সার্বক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি থাকবে। ত্রাণ বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া দেবো। আমাদের নেতাকর্মীদের সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপি এখন ক্ষমতায় নেই। এরপরও বন্যার্তদের সার্বিক পুর্নবাসনের জন্য বিএনপি পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। আগামি দিনে আপনাদের জন্য সর্বোচ্চ ব্যবস্থা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহবায়ক হাছিবুর রহমান, সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ ও লক্ষ্মীপুর পৌর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান লিটন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.